রিয়াল সোসিয়েদাদও হারালো রিয়াল মাদ্রিদকে। এ যেন হারের বৃত্ত পূরণের পালা চলছে স্প্যানিশ জায়ান্টদের; কিন্তু হারের মাত্রা এতটাই যে বলা হচ্ছে একবিংশ শতাব্দির বিচারে এটাই তাদের সবচাইতে জঘন্য মৌসুম। চলতি মৌসুমে এ নিয়ে ১৭ খেলায় হারলো রিয়াল। লা লিগার সর্বশেষ হারটির কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপা ধরে রাখা বার্সেলোনার সঙ্গে কোচ জিনেদিন জিদানের দলের ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৭ পয়েন্টে। ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর সেই যে পতনের ধারা শুরু হলো দলটির, খোদ জিদান এসেও তা থামাতে পারছেন না। ১০ মার্চের পর মাদ্রিদের ক্লাবটি আর বিপক্ষের মাঠে জিততে পারেনি। এর মধ্যে লা লিগায় তারা ৪৪ গোল হজম করেছে। লিগের শেষ খেলাটিতে হারলে ক্লাবের ইতিহাসের দ্বিতীয় সর্বখারাপ ফলের সমকক্ষ হবে তারা।
