কম্বোডিয়ার গার্মেন্ট শ্রমিকদের অবস্থার অবনতি ঘটছে

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২০:৫৯
কম্বোডিয়া গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন প্রচেষ্টায় পিছিয়ে পড়ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বৃহস্পতিবার পশ্চিমা ব্র্যান্ডের পোশাক প্রস্তুতকারী গার্মেন্টস কারখানায় উপর্যুপরি ধর্মঘটের প্রেক্ষাপটে এ কথা বলেছে। আইএলও’র এক প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়া শ্রমিক ও অগ্নিনিরাপত্তা বিধান এবং শিশু শ্রমের ব্যবহারের মতো ক্ষেত্রগুলোতে অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হচ্ছে। আইএলও’র ‘বেটার ফ্যাক্টরিজ কম্বোডিয়া কর্মসূচি’র প্রধান কারিগরি উপদেষ্টা জিল টাকার বলেন, ‘আমাদের উপাত্ত থেকে দেখা যায় যে, ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত স্থিতিশীলভাবে কর্মপরিবেশ উন্নত হওয়ার পর বর্তমানে অবনতি ঘটছে।’ টাকার বলেন, ‘এই অবনতিশীল অবস্থা পাল্টাতে পদক্ষেপ প্রয়োজন, নয়তো কম্বোডিয়া শোভন কর্মপরিবেশের সুনামের কারণে যে সুবিধাদি চায় তা হারানোর ঝুঁকিতে পড়বে।’ আইএলও জানায়, কিছু কিছু কারখানায় কর্মঘন্টার সময় জরুরি নিষ্ক্রমন পথ বন্ধ রাখা হয় এবং অন্যান্য কারখানা প্রতি ছয় সপ্তাহে জরুরি অগ্নিনির্বাপণ মহড়া চালাতে ব্যর্থ হয়েছে। আইএলও তাদের রিপোর্টে স্থান পাওয়া এক ডজনের বেশি কারখানা তাপ ও পয়ঃনিষ্কাশন অবস্থা অবনতিশীল বলে শনাক্ত করেছে এবং শিশু শ্রম ব্যবহার করা হয় বলে সন্দেহ প্রকাশ করেছে। জাপানি স্পোর্টস ব্যান্ডের জুতা প্রস্তুতকারক তাইওয়ানি মালিকানাধীন একটি কারখানার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হওয়ার পর থেকে কম্বোডিয়ায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তীব্রতর হতে থাকে। শ্রমিকরা কম্বোডিয়ার মাল্টিমিলিয়ন গার্মেন্টস শিল্পে নিম্ন মজুরি ও কষ্টকর কর্মপরিবেশের বিরুদ্ধে বেশ কয়েকটি বিক্ষোভ করে। কম্পোডিয়ার গার্মেন্টস শিল্পে প্রায় সাড়ে ছয় লাখ শ্রমিক কাজ করে। গার্মেন্টস কম্বোডিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উত্স।