মুন্সিগঞ্জের গজারীয়ার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া অতিরিক্ত ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেকের আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো- মুন্সিগঞ্জের গজারিয়া থানার চরবলাকী গ্রামের বাসিন্দা রিপন সরকার, আনার, আলী আহমদ, বাবলু মিয়া, নবী সরকার, সুরুজ মিয়া ওরফে কালা সুরুজ, ইউনুস মৃধা, আবু সালাম, ফয়সাল মিয়া, পান্না মিয়া ও দুলাল মিয়া। এদের মধ্যে আলী আহমদ, সুরুজ মিয়া, ইউনুস মৃধা ও আবু সালামকে নিহত রফিকুল ইসলামকে হত্যার পাশাপাশি ঘটনাস্থলে থাকা আল আমিন, জামাল, শাহজালাল ও কামালকে অস্ত্র দ্বারা জখমের অভিযোগে আরও ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার অপর ৪২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ এ রায় ঘোষণা করেন।
