শহীদ কর্নেল আবু তাহেরের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় কর্নেল তাহেরের নামে রাজধানীর একটি প্রধান সড়ক নামকরণের দাবি জানানো হয়েছে। সভায় বলা হয়, অনেক মুক্তিযোদ্ধার নামে রাজধানীতে সড়কের নামকরণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কর্নেল তাহেরের নামে কোন সড়কের নামকরণ করা হয়নি। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারের কাছে সভা থেকে দাবি জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কর্নেল তাহেরের স্ত্রী লুত্ফা তাহের এবং ভাই ড. আনোয়ার হোসেন, সংসদ সদস্য শাহ জিকরুল, শরীফ নুরুল আম্বিয়া, সাংবাদিক আবু সাইদ খান, মীর হোসেন আকতার, নাজমুল হক প্রধান, হাবিবুর রহমান শওকত, আফরোজা হক, শিরিন আখতার, নুরুর রহমান সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
হাসানুল হক ইনু কর্নেল তাহের হত্যার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কর্নেল তাহেরের বিচারের নামে প্রহসন করা হয়েছিল। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাশেদ খান মেনন যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করতে দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আবার মহাজোটকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
ড. আনোয়ার হোসেন বলেন, কর্নেল তাহেরের বিচারের নামে প্রহসন করা হয়েছে। আদালতের রায়ের মধ্য দিয়ে এটি আজ প্রমাণিত। মেজর (অব) জিয়াউদ্দিন বলেন, কর্নেল তাহের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একটুও বিচলিত হননি।
