গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:১৭
গাজীপুর সদরের কোনাবাড়ীতে এমএম নিটওয়্যার নামের একটি গার্মেন্টস কারখানায় গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে সাতটার দিকে কারখানাটির অষ্টম তলায় আগুন ধরে। শুক্রবার কারখানা বন্ধ থাকায় ওই ভবনের ভিতর কোন শ্রমিক ছিল না। তবে বাইরের গেটে কারখানার নিরাপত্তা কর্মী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানিয়েছেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারখানার সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুল ইসলাম জানান, কারখানার অষ্টম তলায় স্টক কাপড় রাখা ছিল।