নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, চঞ্চল হত্যার বিচারের সময় এসেছে। একটি হত্যার বিচার না হলে অন্য একটি হত্যার দ্বার উন্মোচন হয়। যদি অতীতে চঞ্চল হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হত তবে আজ এমন নির্মমভাবে মেধাবী ছাত্র ত্বকীকে খুন হতে হত না। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও চঞ্চল স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকালে তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চঞ্চল হত্যার এক বছর হলেও প্রশাসন এ হত্যাকাণ্ডের কোন তথ্য উদঘাটন করতে পারেনি। ব্যবসায়ী আশিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। চঞ্চল হত্যাকাণ্ডের কোন রহস্য উদঘাটন না হওয়া প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে। নিহত চঞ্চলের বড় ভাই জোবায়ের ইসলাম পমেল বলেন, এক বছর হয়ে গেছে আমার ছোট ভাই চঞ্চলের খুনের বিচার হয়নি। চঞ্চলের জন্য আমাদের মা প্রতিদিন নামাজে বসে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
