পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন তারেক :মির্জা ফখরুল

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৩
লন্ডন থেকে গতকাল শুক্রবার ভোরে ঢাকা ফিরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরোপুরি সুস্থ হয়ে চিকিত্সকের পরামর্শ নিয়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা জেনেছি। তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে ভোর চারটায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাজ্যে মির্জা ফখরুল ‘বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে তারেক রহমান দেশের বর্তমান রাজনীতির খবর জানতে চেয়েছেন। তাকে তা জানিয়েছি। তবে আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনার কথা অস্বীকার করে তিনি বলেন, এটি সঠিক সংবাদ নয়। আমাদের গণমাধ্যমে মাঝে মধ্যে মনের মাধুরী মিশিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি কোনো কাগজ নিয়ে তার কাছে যাইনি।