ওজন কমানোর বিনিময়ে সোনা

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৪
দুবাইয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে সরকার এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছেন। শারীরিক স্থূলতায় ভুগছেন এমন যে কেউ প্রতি কেজি ওজন কমানোর জন্য পুরস্কার হিসেবে পাবেন এক গ্রাম সোনা। খবর বিবিসির। রমজান মাস উপলক্ষে কর্তৃপক্ষ গতকাল শুক্রবার থেকে মাসব্যাপী এই কর্মসূচি চালু করা হয়েছে। তারা এই কর্মসূচির নাম দিয়েছে সোনার দামে আপনার ওজন। দুবাই পৌরসভার মহাপরিচালক হুসেইন নাসের লুতাহ বলেন, কমপক্ষে দুই কেজি পর্যন্ত ওজন যারা কমাবেন তারাই এই পুরস্কার পাবেন। প্রতি কেজি ওজনের জন্য তাদের দেয়া হবে এক গ্রাম সোনা, যার বর্তমান বাজার মূল্য ৪৫ মার্কিন ডলার। এছাড়া সবচেয়ে বেশি ওজন কমাতে সক্ষম হবেন যে তিনজন তাদের জন্য থাকবে একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা। পাঁচ হাজার চারশ ডলার মূল্যের এক স্বর্ণমুদ্রা লটারি করে এই তিনজনের একজনকে দেয়া হবে। রমজান মাস হচ্ছে এ ধরনের একটি উদ্যোগের জন্য সবচেয়ে আদর্শ সময়। কারণ রমজান আমাদের ওজন কমানোর সুফল সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। আমাদের অস্বাস্থ্যকর জীবনযাত্রা বদলাতে রমজান আমাদের উত্সাহিত করে। উপসাগরীয় দেশগুলোতে মানুষের শারীরিক স্থূলতার সমস্যা যেভাবে দ্রুত বাড়ছে তা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা চিন্তিত। যথেষ্ট ব্যায়ামের অভাব এবং অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার অভ্যাসকে তারা এজন্য দায়ী করছেন।