ক্ষমতায় গিয়ে বিএনপি অপশাসনের রেকর্ড গড়েছিল

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার গঠন করার কথা বলেছেন। তার দল ইতিপূর্বে একাধিকবার ক্ষমতায় গিয়ে অপশাসন ও দুঃশাসনের রেকর্ড স্থাপন করেছিল। তাদের সে কীর্তি দেশবাসী ভুলতে পারেননি বলেই বিগত নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে আঁস্তাকুড়ে নিক্ষেপ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারকে বিপুল ভোটে বিজয়ী করে দেশ পরিচালনার সুযোগ দিয়েছিলেন। আবার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভুলিয়ে যদি তিনি কোনভাবে ক্ষমতায় আসতে পারেন, তাহলে তিনি একাত্তরের ঘাতক ও জঙ্গীদের রক্ষার জন্য সরকার গঠন করবেন। বিএনপি শাসনামলে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। মোহাম্মদ নাসিম বলেন, কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। সরকার পরিচালনা করতে গিয়ে মহাজোট সরকার সামান্য ভুল ত্রুটি করতে পারে। তবে এ সরকারের সাফল্য ১৯৭৫ পরবর্তী সকল সরকারের সাফল্যকে ছাড়িয়ে গেছে। তিনি সকল ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারী মহলকে প্রত্যাখ্যান করে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। গতকাল শুক্রবার বিকালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। বাগবাটি হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি প্রমুখ বক্তব্য রাখেন।