অবশেষে তিস্তার ভাঙ্গন থেকে রক্ষা পেল বসুনিয়া গ্রাম। ১৫ দিন আগে বসুনিয়া গ্রামের মানুষজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশ ও গাছ দিয়ে তিস্তার তীরে বান্ডাল তৈরি করে সে্রাতের গতি ঘুরিয়ে দেয়। ফলে গ্রামটি ভয়াবহ ভাঙ্গনের হাত থেকে আপাতত রক্ষা পায়।
ভাঙ্গন পার্শ্ববর্তী মুন্সিপাড়া গ্রামে ভয়াবহ রূপ নিলে গ্রামের মানুষও বসুনিয়া পাড়া গ্রামের মানুষের মতো নিজ গ্রাম রক্ষা করতে কোমর বেঁধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বান্ডাল তৈরির কাজে নেমে পড়ে।
শুক্রবার সকালে গ্রামের বৃদ্ধ, তরুণ, যুবক সবাই মিলে তিস্তার তীরে গিয়ে বান্ডাল তৈরির কাজে অংশ নেয়। এর আগে ঐ গ্রামের মানুষজন দফায় দফায় ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়। গ্রাম দু’টি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে।
গ্রামটি রক্ষা করতে গত ২ দিন ধরে গ্রামের প্রত্যেকটি পরিবারের কাছ থেকে বাঁশ ও গাছ সংগ্রহ করা হয়। এরপর ঐ বাঁশ ও গাছ দিয়ে বান্ডাল তৈরি করে তিস্তা নদীর সে্রাতের গতিপথ ঘুরিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরা।
বান্ডাল তৈরির কাজে নিয়োজিত আঃ রহিম জানান, আমরা যেভাবে বোরিং করে বান্ডাল তৈরি করছি, এভাবে এ গ্রামের ভাঙ্গন কবলিত এলাকায় ১৫/২০ ফুট পরপর ১২ টি বান্ডাল তৈরি করা গেলে গ্রামটি ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
