র্যাব ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৬
চুয়াডাঙ্গা থেকে র্যাব ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা সচেতন নাগরিক সমাজ ও উদীচী জেলা সংসদ ডাকে এ মানববন্ধন পালিত হয়। চুয়াডাঙ্গা উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান জানান, সন্ত্রাস কবলিত রক্তাক্ত জনপদ চুয়াডাঙ্গা থেকে র্যাব ক্যাম্প প্রত্যাহার করা হলে চুয়াডাঙ্গায় আবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। শুরু হবে হত্যা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড। র্যাব ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে এলাকাবাসীর যানমালের নিরাপত্তার স্বার্থে র্যাব ক্যাম্প রাখার চুয়াডাঙ্গাবাসী জোর দাবি জানান। র্যাব-৬ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনবল সংকটের কারণে চুয়াডাঙ্গা থেকে র্যাবের অফিস কয়েক দিনের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেহেরপুরের গাংনীর অফিস থাকবে। অফিস প্রত্যাহারের পর ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা জেলার কার্যক্রম পরিচালনা করা হবে।