যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত চালক বিহীন বিমান (ড্রোন) হামলার বিপক্ষে বিশ্বের বেশিরভাগ মানুষ। সামপ্রতিক এক জরিপে এ তথ্যই উঠে এসেছে। ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ৩৯টি দেশে জরিপ পরিচালনা করে জানতে পেরেছে ৩১টি দেশের অর্ধেকেরও বেশি মানুষ চরমপন্থী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ড্রোন হামলা সমর্থন করে না।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
জরিপ সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে, “জরিপে অধিকাংশ দেশই জঙ্গিনেতা ও গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহার প্রত্যাখ্যান করেছে।” ৩১টি দেশের মধ্যে অন্ততপক্ষে অর্ধেক দেশই পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ার মতো দেশসমূহে জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার বিরোধিতা করেছে। মধ্যপ্রাচ্য, ল্যাতিন আমেরিকা এবং এশিয়াসহ বিশ্বের সব অঞ্চল থেকে নেয়া ১৫টি দেশের মধ্যে প্রতি চারটি দেশের তিনটিই ড্রোন হামলার বিরোধী। শুধু তিনটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ড্রোন অভিযান পরিচালনার পক্ষে মত দিয়েছে। ইসরায়েলের ৬৪ শতাংশ, কেনিয়ার ৫৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৬১ শতাংশ মানুষ জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন হামলার পক্ষে অবস্থান জানিয়েছেন। তবে এ ব্যাপারে দ্বিধাবিভক্তি রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা এবং জার্মানির জনগণের মধ্যে। ড্রোন হামলার পক্ষে জার্মানিতে গত বছরের তুলনায় সমর্থন কিছুটা বেড়েছে। সামপ্রতিক সময় পর্যন্ত জার্মানির ৪৫ শতাংশ মানুষ এর পক্ষে। অথচ ২০১২ সালেই পক্ষাবলম্বনকারী ছিল ৩৮ শতাংশ মানুষ। যদিও ফ্রান্স এখনো ড্রোন হামলার বিরোধী। কিন্তু সেখানেও পক্ষে সমর্থকের সংখ্যা বাড়ছে। ২০১২ সালের ৩৭ শতাংশ থেকে বর্তমানে পক্ষাবলম্বনকারীর সংখ্যা ৪৫ ভাগ।
