আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বোমা বিস্ফোরণে এক মহিলা ও পাঁচ শিশু নিহত হয়েছে। বোমাটি এক তালেবান কমান্ডারের বাড়িতে তৈরি করা হয়। শুক্রবার পাকতিকা প্রদেশের স্থানীয় সরকারের এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার বোমাটি নিয়ে শিশুরা খেলা করার সময় এটি বিস্ফোরিত হয়। আব্দুল্লাহ্ নামের এক তালেবান কমান্ডার বোমাটি তৈরি করে বাড়ি থেকে বের হবার পরপরই শিশুরা এটাকে নিয়ে খেলতে শুরু করে। মুখপাত্র মোখলিস আফগান এএফপিকে বলেন, ‘আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার লক্ষ্যে রাস্তার পাশে পেতে রাখার জন্য গতকাল সকালে তালেবান কমান্ডার আব্দুল্লাহ্ বোমাটিকে তৈরি করেন।’ তিনি আরো বলেন, ‘আব্দুল্লাহ্ বাড়ি থেকে চলে যাবার কিছুক্ষণ পর শিশুরা বোমাটিকে নিয়ে খেলতে শুরু করলে এটি বাড়ির ভেতরেই বিস্ফোরিত হয়।’ তিনি জানান, এই ঘটনায় এক মহিলা ও পাঁচ শিশু নিহত হয়। শিশুদের বয়স তিন থেকে সাত বছরের মধ্যে।
