মির্জাপুরে আওয়ামী লীগের ইফতার মাহফিলে এমপির উপস্থিতিতে মারামারি

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:১০
গত শুক্রবার উপজেলায় আওয়ামী লীগের ইফতার মাহফিলে খাবার বিতরণ নিয়ে এমপির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খাবার বিতরণ নিয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে ইফতার করতে আসা রোজাদারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য একাব্বর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ ও মির্জাপুর থানার ওসি নুরুল ইসলাম। ইফতারের পূর্বমুহূর্তে সংসদ সদস্য একাব্বর হোসেনের বক্তব্যের পর পরই খাবার না পেয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা রোজাদারগণ ইফতার না করেই দৌড়ে পালাতে থাকেন। এ সময়ে পুষ্টকামুরি গ্রামের খালের পাড়ার লোকজন একই গ্রামের রকি ও তার সহযোগীদের পিটিয়ে আহত করে। পরে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে খাবার বিতরণ নিয়ে মারামারির ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকে ইফতার মাহফিলে খাবার না পেয়ে ফিরে গেছেন বলেও জানা যায়।