সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নজরুল ইসলামের বাড়িতে আবারো বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তার কুচপুকুরস্থ বাড়িতে এ বোমা হামলা চালানো হয়। এতে নজরুলের ভগ্নিপতি শাহজাহান সরদারের ছেলে হূদয় সরদার (১০) আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শনিবার সকালে ইব্রাহিম গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার বাড়ি সদর উপজেলার কুচপুকুর এলাকায় তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির কর্মীরা আগড়দাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের গোডাউন ও বাড়িতে হামলা লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়। ওই ঘটনার কিছুদিন পরে তাকে গুলি করে হত্যার চেষ্টাও করে সন্ত্রাসীরা। এর কিছুদিন পরই নজরুল ইসলামকে হত্যার জন্য সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। বোমায় নজরুল ইসলাম অল্পের জন্য বেঁচে গেলেও তার ভগ্নিপতি শাহজাহান সরদারের একটি পা উড়ে যায়। মারাত্মক আহত হন তার স্ত্রী। এসব ঘটনায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নামে একাধিক মামলাও হয়েছে।
