হেফাজতে ইসলাম দেশকে ‘আইয়ামে জাহেলিয়াত’ যুগে নিয়ে যেতে চায়

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:২৫
হেফাজতে ইসলাম দেশকে ‘আইয়ামে জাহেলিয়াত’ যুগে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা নারী বিরোধী, মানবতা, প্রগতি এবং ইসলাম বিরোধী বক্তব্যের জন্য অবিলম্বে আহমদ শফীর দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নারী সমাজ সম্পর্কে হেফাজতের আমীর আহমদ শফীর অবমাননাকর ও অশ্লীল বক্তব্যের প্রতিবাদ ও বিচারের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সারাবিশ্বে নারী যখন উন্নয়ন-অগ্রগতিসহ সর্বক্ষেত্রে অবদান রাখছে তখন হেফাজত ইসলাম আমাদের দেশে গার্মেন্টস কর্মীসহ লাখ লাখ কর্মজীবী নারীকে ঘরে বন্দি করে রাখতে চায়। নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এরা অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সময়ে নেতৃবৃন্দ দল-মত, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে এই ঘৃণ্য অপতত্পরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সিপিবি নারীসেলে’র আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে সৈয়দ আবু জাফর আহমেদ, আহসান হাবিব লাবলু প্রমুখ বক্তব্য রাখেন।