দৈনিক ইত্তেফাক সম্পাদক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, তৃণমূল সাংবাদিকদের হতাশ হলে চলবে না। আশা নিয়ে পথ চলতে হবে। সাংবাদিকরা অনেক উন্নত হয়েছেন। বর্তমান সময়ে সাংবাদিকতা করতে হলে তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যিনি যত বেশি এ ক্ষেত্রে পারদর্শী হবেন তিনি তত বেশি সমৃদ্ধ হবেন। পরিবর্তনের সাথে তালমিলিয়ে চলতে হবে।
তিনি গতকাল শনিবার পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা সদরে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, গ্রামীণ সংবাদ কর্মীদের উন্নতি অবশ্যম্ভাবী। আপনারা সকলে সততার সাথে কাজ করে যান। ইনশাআল্লাহ ভাল কাজের মূল্যায়ন হবে।
এর আগে তিনি বালিপাড়া ইউনিয়নের বাগারহাটে স্বতঃস্ফূর্ত সমাবেশে বলেন, দক্ষিণাঞ্চলকে অবহেলিত অবস্থা থেকে মুক্তি দিতে হলে এলাকায় শিক্ষাবিস্তার ঘটাতে হবে। আমাদের পিরোজপুর থেকে ভান্ডারিয়া, জিয়ানগর-কাউখালী থেকে প্রধানমন্ত্রী হতে হবে। টুঙ্গীপাড়া-ছাগলনাইয়া থেকে যদি প্রধানমন্ত্রী হতে পারে তবে লেখাপড়া শিখে আমাদের ছেলে-মেয়েরাও ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে। আমরা দক্ষিণাঞ্চলবাসী আমাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকব। তাই এলাকার মানুষকে সচেতনতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। তিনি বলেন, পিরোজপুরে ৪টি সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে।
জিয়ানগর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর(অব.) জিয়াউদ্দিন আহমেদ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জিয়ানগরের ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ডু, ইন্দুরকানী থানার ওসি নাসিরউদ্দিন মল্লিক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য ফিরোজ আহমেদ, সদস্য মশিউর রহমান রাহাত, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিয়ানগর প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়ানগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহাদুল ইসলাম শিমুল। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে শরীক হন পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ধাওয়ার ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাদুল্লাহ লিটন প্রমুখ। ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজাম্মল হোসেন।
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শনিবার ভান্ডারিয়া থেকে টগড়া ফেরিঘাটে পৌঁছলে তাকে স্থানীয় জনতা উষ্ণ অভ্যর্থনা জানান। চরখালী থেকে একটি বর্ণাঢ্য ট্রলার বহর তাঁকে বহনকারী ফেরিটিকে সংবর্ধনা জানিয়ে নিয়ে আসে। টগড়া ঘাটে জেপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক সালাম বাহাদুরের নেতৃত্বে তাকে স্বাগত জানান রুহুল আমীন, হারুনুর রশীদ (পান্না মেম্বর), কাওসার আহমেদ দুলাল, দেলোয়ার হোসেন মাতুব্বর, আশ্রাফুল হক শহীদ, আয়শা আকতার পপি, বখতিয়ারউদ্দিন লিটন, মো. নূরুল্লাহ আল আমীন, মো. শাহজাহান হাওলাদার প্রমুখ। এরপর তিনি টগড়ায় আনোয়ার হোসেন মঞ্জু ক্লাবের উদ্বোধন করেন এবং উপস্থিত জনসাধারণকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। আনোয়ার হোসেন দুপুরে পাড়েরহাট বন্দরে গণসংযোগ করেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে ছিলেন মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন। জিয়ানগর উপজেলার বিভিন্নস্থানে কর্মসূচিতে অংশগ্রহণ ও সফরকালে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সালাম বাহাদুর, ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, স্বরূপকাঠি জেপি সদস্যসচিব কাজী আনোয়ার সাদাত-পিয়াল, যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ইউসুফ আলী আকনসহ জেপি, যুব সংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ী-লুঙ্গি বিতরণ
গতকাল জিয়ানগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শাড়ী-লুিঙ্গ বিতরণ করা হয়। এ ত্রাণ সামগ্রী বিতরণকালে সংস্থার সভাপতি ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। দুপুরের আগে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ ভবনে এ শাড়ী-লুঙ্গি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম।
দুপুরের পর বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণকাজে অংশ নেন বালিপাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেনু বেগম, সাবেক চেয়ারম্যান শামসুর রহমান খান, মোঃ শহীদুল আলম দোদুল প্রমুখ।
বিকালে উপজেলা সদরে ইন্দুরকানী বাজারে হাইস্কুল মাঠে পত্তাশী ইউনিয়নের দুঃস্থ মানুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন। এখানে এ ত্রাণসামগ্রী বিতরণ কাজে তদারক করেন দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ ও কর্মকর্তা কাজী আতাহার আলী।
