যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবসান ঘটালো ভেনিজুয়েলা

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২৩:০৭
ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অবসান ঘটিয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে মনোনয়নপ্রাপ্ত সামান্তা পাওয়ারের একটি মন্তব্যকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেয়া হয়েছে। শুক্রবার রাতে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে একথা জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির। বুধবার পাওয়ার সামান্তা মার্কিন সিনেটে তার মনোনয়ন নিশ্চিত হওয়ার শুনানিতে বলেন, দায়িত্বটি পেলে তিনি নির্যাতনকারী সরকারের বিরুদ্ধে দাঁড়াবেন এবং কিউবা, ইরান, রাশিয়া ও ভেনিজুয়েলার মতো বেসামরিক জনগণের ওপর দমনাভিযানকারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এরপর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উত্তেজনাকর মন্তব্য করেন। ২০১০ সালের পর থেকে ওয়াশিংটন ও কারাকাসে দেশ দুটির কোন রাষ্ট্রদূত নেই। যদিও ভেনিজুয়েলা প্রতিদিন যুক্তরাষ্ট্রে ৯ লাখ ব্যারেল তেল রফতানি করে থাকে। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, বলিভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলা শেষ পর্যন্ত আমাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।