সমঝোতায় না এলে সরকারের করুণ পরিণতি হবে :মওদুদ

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২৩:১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারকে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়ে বলেছেন, পাঁচ সিটিতে হারের পর সরকারের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। একটি হলো সমঝোতা, আরেকটি সংঘাত। আমরা মনে করি, সংকট নিরসনে সমঝোতাই একমাত্র পথ। সমঝোতার পথে না এসে সংঘাতের পথ বেছে নিলে সরকারের করুণ পরিণতি হবে। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিএনপির সংসদীয় দলের এক সাংবাদিক সম্মেলনে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনের ওপর বিরোধী দলের পর্যালোচনা ও মূল্যায়ন নিয়ে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, রশেদা আক্তার হীরা, আসিফা আশরাফি পাপিয়া, শাম্মী আখতার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু প্রমুখ। মওদুদ বলেন, সংসদে আমাদের নেত্রীও রাজনৈতিক সংকট নিরসনের জন্য সমঝোতার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেই বক্তব্যের প্রেক্ষিতে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বরং তার জবাবে প্রধানমন্ত্রী অনেক নেতিবাচক বক্তব্য দিয়েছেন। তবে আমরা আশা করছি, সরকার সংঘাত এড়াতে এই সংসদ ভেঙে দেয়ার আগেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিলে আমরা সার্বিক সহযোগিতা করবো। সেটা গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর জন্য মঙ্গলজনক হবে। সদ্য সমাপ্ত বাজেট অধিবেশন নিয়ে মওদুদ বলেন, বরাবরের মতো এবারের বাজেট অধিবেশনেও সরকারি দলের কিছু মন্ত্রী ও সংসদ সদস্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার পরিবার নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন, যার পাল্টা জবাব দিতে আমরা বাধ্য হই। বাজেট অধিবেশনে বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি অভিযোগ করে তিনি বলেন, বাজেট নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা মনে করি, এ বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে গত বাজেটগুলোর মতো এই বাজেটও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। যখনই পয়েন্ট অব অর্ডারে কোনো সমস্যা বা প্রশ্ন উত্থাপন করেছি, তখন সরকারি দলের একাধিক সংসদ সদস্য মূল প্রশ্ন এড়িয়ে অনেক অবান্তর ও অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন। বাজেট অধিবেশনকে কেন্দ করে সরকারি দলের নানা সমালোচনা করলেও সার্বিক ভূমিকার জন্য নতুন স্পিকার শিরিন শারমিনকে ধন্যবাদ জানান বিএনপির সংসদীয় কমিটির সদস্যরা।