কুমিল্লায় মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার এক

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ তিন লাখ ৩২ হাজার টাকাসহ এমদাদুল হক মারুফ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এমদাদুল জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রুখ মিয়ার ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, মাদক বিক্রেতা এমদাদুল হক মারুফ নিজ ঘরে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ছয় কেজি ৩শ গ্রাম গাঁজা, ৮শ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ তিন লাখ ৩২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।