নারী, পুরুষ, শিশুসহ আটক ২৩
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার রেজুখালের চরপাড়া এখন সাগরপথে মানব পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আর এ রুট দিয়ে দালালের মাধ্যমে মালয়েশিয়া পাড়ি জমাতে মরিয়া হয়ে উঠেছেন রোহিঙ্গারা। সোমবার ভোররাতে ইনানী পুলিশ চরপাড়া ব্রিজের নিচে নৌকায় উঠতে অপেক্ষমাণ ১৭ জন নারী, চার শিশু ও দুজন রোহিঙ্গা নাগরিককে আটক করছে।
আটকদের মধ্যে বালুখালী ১নং ক্যাম্পের ১৬নং ব্লকের বাসিন্দা সাবেকুন নাহার (১৬) বলেন, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য দালালের সহযোগিতায় এখান পর্যন্ত এসেছেন। তবে ওই রোহিঙ্গা নারী দালালের নাম বলতে পারেননি।
বালুখালী জামতলী ব্লক-১ এর বাসিন্দা হামিদুর রহমান (২০) জানান, তাদের আত্মীয়-স্বজন মালয়েশিয়া রয়েছে দীর্ঘদিন। তাদের পরামর্শ অনুযায়ী মালয়েশিয়া পাড়ি জমাতে দালালের কথামতো চড়পাড়া ব্রিজ এলাকায় অপেক্ষা করছিলেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা বলেন, রোহিঙ্গারা স্থানীয় দালালের মাধ্যমে বালুখালী ও জামতলী ক্যাম্প থেকে চড়পাড়া পর্যন্ত এসেছে। তবে তারা দালালের নাম বলতে পারছে না। আটক রোহিঙ্গাদের ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
