সাতক্ষীরা প্রতিনিধি
তীব্র দাবদাহের মধ্যে সাতক্ষীরার আগরদাড়িতে সন্ত্রাসীদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন গৃহবধূ মনিরা সুলতানা। রবিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুমবিল্লাহ নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মনিরা সুলতানা সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের সৌদি প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন গৃহবধূ মনিরা সুলতানা জানান, রাতে তিনি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। এ সময় তার দেহে এসিড ছুড়ে মারে মাসুমসহ কয়েকজন। এতে তার পিঠ ও দেহের বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে ঝলসে যায়। তিনি চিত্কার দিলে ছুটিতে বাড়ি আসা তার সৌদি প্রবাসী স্বামী নুর মোহাম্মদসহ অন্যরা এসে তাকে উদ্ধার করে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
মনিরা জানান, তার পরিবারের সাথে প্রতিবেশি আবদুল মজিদ পরিবারের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আবদুল মজিদের ছেলে মাসুমবিল্লাহ এসিড ছুড়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ইতিমধ্যে মাসুমবিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
