গত বছর অবরোধের দিন সকালে নির্মমভাবে কুপিয়ে পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিত্ দাস হত্যা মামলায় আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এনিয়ে এ মামলায় বাদীসহ মোট ৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো। গতকাল রবিবার সকালে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন ভিক্টোরিয়া পেট্রোল পাম্পের কর্মচারী মোহাম্মদ সালেক ও বিশজিত্ দাসের পাশের দোকানি লক্ষ্মীবাজারের অতিথি টেইলার্সের মালিক সুমন খান আদালতে তাদের জবানবন্দি দিতে আসেন। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ সাক্ষিদের জবানবন্দি ও জেরা রেকর্ড করেন। একই সঙ্গে আগামী ২৫ জুলাই পরবর্তী সাক্ষির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। জবানবন্দি শেষে কারাগারে থাকা ৮ আসামির পক্ষে ৭ জন ও পলাতক ১৩ আসামির পক্ষে ১৩ আইনজীবী সাক্ষিদের জেরা করেন।
