বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন হরতাল অবরোধ আর ভাঙচুর করে যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর ঠেকানো যাবে না। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তাই সরকার তার বর্তমান মেয়াদেই এ রায় কার্যকর করবে।
তিনি শনিবার বিকালে গোপালগঞ্জ জেলার মকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এর মধ্যে রয়েছে মকসুদপুর উপজেলায় কয়েকটি নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, কাশিয়ানী উপজেলায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন ও দেড় কোটি টাকা ব্যয়ে উজানী-রাহুথড় দুই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন ইত্যাদি। স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তিনি পরে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।
মন্ত্রী বলেন, এ সরকারের অধীনে যে সকল নির্বাচন হয়েছে তার অধিকাংশতেই বিরোধীদল অংশগ্রহণ করেছে। নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে বিরোধীদল কারচুপি বা অনিয়মের অভিযোগ আনতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনও ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
