অনার্স পার্ট-১ পরীক্ষায় অনুত্তীর্ণদের বিষয়ে সিদ্ধান্ত অচিরেই

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:২৪
অনার্স পার্ট-১ পরীক্ষায় অনুত্তীর্ণদের বিষয়ে শিক্ষার্থীদের দাবির পক্ষে সিদ্ধান্ত আসতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই ইঙ্গিত দিয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অনার্স পার্ট-২-এ লেখাপড়া থেকে বঞ্চিত না হয় এবং তাদের অভিভাবকদের ওপর বাড়তি চাপ না পড়াসহ সার্বিক দিক বিবেচনায় বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টিতে রয়েছে। যথাশীঘ্র সম্ভব এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে। তাই মানববন্ধন, স্মারকলিপি প্রদানে অযথা কালক্ষেপণ না করে লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেয়া যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১১ সালের অনার্স পার্ট-১ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় যে, শতকরা ৪৬ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়া কারো কাছে কাম্য নয়। আমরা চাই শতকরা ১০০ ভাগ শিক্ষার্থী ভাল ফলাফলসহ উত্তীর্ণ হোক। গ্রেডিং সিস্টেমে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন এখন বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি। একই বিবেচনায় তাই ২ বছর পূর্বে দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুরূপ এ পদ্ধতি জাতীয় বিশ্ববিদ্যালয়েও প্রবর্তন করা হয়। উল্লেখ্য, অনার্স পার্ট-১ পরীক্ষায় ফেল করা খাতা পুনর্মূল্যায়নসহ পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা আন্দোলন করছে।