গ্রেডিং সিস্টেমে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন বাতিল করে ২০১১ সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল রবিবার সকালে গাজীপুরের বোর্ডবাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অন্তত ২৫-৩০টি যানবাহন ভাঙচুর করে। শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরানোর সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। অবরোধের কারণে মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ও ভাওয়াল বদরে আলম কলেজ, কাজী আজিমউদ্দিন কলেজ, শ্রীপুর ডিগ্রি কলেজ, তিতুমীর কলেজ, উত্তরা মডেল টাউন কলেজসহ বিভিন্ন কলেজ থেকে আসা কয়েকশ’ শিক্ষার্থী রবিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়। তাদের কয়েকজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা করে। আলোচনায় আশানুরূপ ফল না পেয়ে তারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে মানববন্ধন করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বেলা একটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এতে সকল প্রকার যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে তিতুমীর কলেজের ছাত্র রায়হান, ভাওয়াল বদরে আলম কলেজের শাহ আলম, সাইদুল, আলমগীর আহত হয় । জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেডিং সিস্টেমে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন এখন বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি। ২০১১ সালের অনার্স পার্ট-১ পরীক্ষার সম্প্রতি ঘোষিত ফলাফলে ৪৬ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এটা অভিভাবক, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কাম্য নয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী অনার্স পার্ট-২ এ লেখাপড়া থেকে বঞ্চিত না হয় এবং অভিভাবকদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সার্বিক দিক বিবেচনায় বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টিতে রয়েছে। যথাশীঘ্র এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে। তাই আন্দোলনের পরিবর্তে শিক্ষার্থীদের আগামীতে নিয়মিত ক্লাস ও গভীর মনোনিবেশ সহকারে লেখাপড়া করার পরামর্শ দেয়া হয়েছে।
