কসবায় রাস্তা আটকে ঘর নির্মাণের অভিযোগ!

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:১৯

কসবায় সরকারি রাস্তায় ঘর তুলে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় ২০ দিন যাবত্ অবরুদ্ধ হয়ে পড়েছে কয়েকটি পরিবার। দুর্বিসহ জীবন কাটাতে বাধ্য হচ্ছে অবরুদ্ধ পরিবারগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম সমস্যাটি আমলে নিয়ে সমাধানের আশ্বাস দেন। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৫ নভেম্বর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামের মো. আলমগীর মিয়া ও তার বাড়ির লোকজন রাতের বেলা পার্শ্ববর্তী বাড়ির রাজু আহমেদের বাড়ির লোকজনের যাতায়াতের রাস্তায় ঘর তুলে বাধা সৃষ্টি করেন।

ভুক্তভোগীদের অভিযোগটি উপজেলা ভূমি কর্মকর্তা জোবাইদা আক্তারকে তদন্তের দায়িত্ব দেন ইউএনও। গতকাল ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জায়গা পরিমাপ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি রাস্তার উপর থেকে ২৪ ঘণ্টার মধ্যে ঘর সরানোর নির্দেশ দেন বিবাদীপক্ষকে। অপরদিকে বিবাদীপক্ষ দাবি করছে এটি তাদের নিজস্ব জায়গা। এ বিষয়ে মূলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. মইনুল হোসেন বলেন, এটি সরকারি রাস্তা হিসেবে আমরা জানি। রাস্তার উপর মাটি ফেলার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি বরাদ্দও দিয়েছি।