সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:২০
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তিনি কর্মসূচি সফল করার জন্য দলের সকল শাখার প্রতি আহ্বান জানান। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি কর্মসূচি ঘোষণা করে বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর নিয়ে সরকারের পক্ষে যেসব বক্তব্য দেয়া হচ্ছে তাতে করে মূলত আদালতকে ডিক্টেক করা হচ্ছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকেই মন্ত্রী, এমপি ও ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ জামায়াত নেতাদের ফাঁসি দেয়ার কথা বলে আসছেন। জামায়াত প্রথম থেকেই এসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আসছে। কিন্তু কোন প্রতিকার পাওয়া যায়নি। তিনি বলেন, এ ব্যাপারে কোন মন্ত্রী, এমপি ও ১৪ দলের নেতাদের আগাম বক্তব্য দেয়ার কোন এখতিয়ার নেই।