অনিয়মের কবলে কান্দিপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২১:৩৭
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলাধীন কান্দিপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি। ঐ বিদ্যালয়ে চার বছর আগে একজন শিক্ষকের মৃত্যু এবং একজনের অবসরজনিত কারণে পদ শূন্য হলে বিধি মোতাবেক দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। দুইজন শিক্ষকের বেতনভাতাদির ব্যবস্থা করার জন্য উপজেলা কার্যালয়ে কাগজপত্র দাখিল করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাগজপত্র না পাঠিয়ে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ নতুন দুইজনকে নিয়োগদানের জন্য আমার কাছে পাঠালে আমি সভাপতি হিসেবে নিয়োগ দেইনি। আমার কমিটি ভেঙে না দিয়ে জনৈক উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা সভাপতির পদে স্বাক্ষর করে জালিয়াতির আশ্রয় নেন। নিয়মিত কমিটি বর্তমান থাকায় এডহক কমিটি গঠন করা অবৈধ। এডহক কমিটিতেও বিদ্যালয়ের স্থানদাতার সদস্য পদে অবস্থান নিশ্চিত। এডহক কমিটি গঠনে নিয়মিত কমিটির অনুমোদনের প্রয়োজন আছে। এডহক কমিটির নিয়োগদানের কোনো ক্ষমতা নেই। তাছাড়া ৯ মাস ধরে ভিজিট না করেও ১ দিনে ৯ মাসের ভিজিট দেখানো হয়েছে। দুইজন শিক্ষককে অবৈধ নিয়োগদানের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক অধিদপ্তরে মহাপরিচালকের কাছে অভিযোগ করি বিদ্যালয়ের সভাপতি হিসেবে। ঐ অভিযোগের ভিত্তিতে একজন পরিচালক ২৭-৪-২০১৩ তারিখে বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং অবৈধ কাজের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। এদিকে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ভেঙে পড়েছে। আগেও বিদ্যালয়ের আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ দিয়েও শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে হয়রানি করা হয়েছে। এ ব্যাপারে আশু প্রয়োজনীয় কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রফেসর আজিজুর রহমান, সভাপতি ও প্রতিষ্ঠাতা, কান্দিপাড়া রেজি. প্রথমিক বিদ্যালয়, এবং সাবেক অধ্যক্ষ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা