রাজশাহী-৩ আসনে মনোনয়ন দৌড়ে বিএনপির ছয় হেভিওয়েট নেতা

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২১:৪৬
আগামী জাতীয় সংসদ নির্বাচন কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, সেটা মিমাংসা না হলেও নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি থেমে নেই। জাতীয় সংসদের রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আধা ডজন হেভিওয়েট নেতা সামিল হয়েছেন। এছাড়া আসনটিতে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতের তিন নেতা প্রস্তুতি নিচ্ছেন। ফলে এ আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে অনৈক্যের সুর বেজে উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-৩ আসনে মনোনয়ন পেতে আগ্রহী দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা লুত্ফর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান মন্টু ও যুবদল নেতা রায়হানুল আলম রায়হান। এছাড়া আসনটিতে জামায়াতের রাজশাহী মহানগর আমীর আতাউর রহমান, মহানগর সেক্রেটারী ডা. মোঃ জাহাঙ্গীর ও পবা উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের মহানগর সাবেক নায়েবে আমীর মকবুল হোসেন মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। সূত্র জানায়, আসনটিতে ১৮ দলীয় জোটের মনোনয়নের আশ্বাস পেয়ে সদ্য সমাপ্ত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপি ও জামায়াতের দুই নেতা মেয়র প্রার্থিতা প্রত্যাহার করেন। এরা হলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এবং জামায়াতের মহানগর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মোঃ জাহাঙ্গীর। তারা উভয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিকট থেকে রাজশাহী-৩ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থিতার প্রতিশ্রুতি পেয়েছেন বলে দাবি করছেন। এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু ও জেলার সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যারাই মনোনয়ন প্রত্যাশী হোন, দলীয় হাইকমান্ড যাকে মনোনয়ন দেবেন, তিনিই আগামী নির্বাচনে রাজশাহী-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে লড়বেন।