রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয়ের সামনে ফের বিএনপির জিয়াউল হক জিয়া ও সংসদ সদস্য নাজিম উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। রামগঞ্জ থানার এ এস আই মোমেন ও ফাঁড়ি থানার এএসআই সরোয়ার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় এমপি নাজিম উদ্দিন আহম্মেদের ব্যবহূত সরকারি গাড়ি ভাংচুরের প্রতিবাদে ইউনিয়ন যুবদলের সভাপতি টিপু সুলতানের উদ্যোগে লামচর হাইস্কুলের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এক পর্যায়ে মিছিলকারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জিয়া গ্রুপের রাজু ও সোয়ানের উপর হামলা চালিয়ে তাদের বেদম মারধর করে। এরপর উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতদের রামগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ব্যাপারে জিয়া সমর্থিত মিজানুর রহমান মিরন জানান, নাজিম সমর্থিত টিপু সুলতান জিয়া গ্রুপের মিছিল চলাকালে প্রকাশ্যে অস্ত্র বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
