বাঁশখালীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২১:৪৮
চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসীদের গুলিতে বুজরুচ মেহের চৌধুরী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জলদী থেকে কাজ সেরে সিএনজি যোগে নিজ বাড়ি ফেরার পথে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের চাম্বল মাদ্রাসা এলাকায় মোরশেদ আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। এসময় তার পুত্র ফারুক আহমদ চৌধুরীও গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বুজরুচ মেহের চৌধুরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামের নুরুন্নবী চৌধুরীর ছেলে। এদিকে রবিববার দুপুরে স্থানীয় জনগণের সহায়তায় র্যাব ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা থেকে হত্যার দায়ে অভিযুক্ত মোরশেদ আলমকে গ্রেফতার করেছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাছান জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।