গতকাল সোমবার উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন এবং শিক্ষাবিদ ড. এম আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, দেশে সুষম উন্নয়ন ও সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা দরকার। বঙ্গবন্ধু সেতু উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সংযোগ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যে যেখানে রয়েছি সেখানে থেকে কাজ করলে উত্তরাঞ্চলকে আরো এগিয়ে নেয়া যাবে।
তাসমিমা হোসেন বলেন, উত্তরাঞ্চল অনেকদিন অবহেলিত ছিল। এখন বঙ্গবন্ধু সেতু হয়েছে। তাই উত্তরাঞ্চল এখন অনেকটা সমৃদ্ধ। তা সত্ত্বেও ওই এলাকার সম্পদ দেশের উন্নয়নে ব্যবহার করা প্রয়োজন। তিনি এ বিষয়ে একটি গবেষণা সেল গঠনের পরামর্শ দেন।
ড. এম আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতুর টোল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে আমাদের ভাবতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো: রেজাউল করিমের সভাপতিত্বে মহাসচিব এম এ ছালাম, সিনিয়র সহ-সভাপতি সাদ আহমেদ, সহ-সভাপতি আহসানুল হক খান স্বপন, পরিকল্পনা কমিশনের সাবেক সচিব ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
