নড়িয়ার সাধুর বাজারে ৭টি ঘর নদীগর্ভে

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:০৭
শরীয়তপুর নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের সাধুর বাজার এলাকায় একদিনে সাতটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। সোমবার বেলা ১১টার সময় নাসির মিস্ত্রি, আলাউদ্দিন নুর ইসলাম, ইয়াকুব মাঝি ও আলী আহম্মেদ মাঝির সাতটি বসতঘর নদীগর্ভে চলে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্নেল শওকত আলী এমপি নদী ভাঙ্গন এলাকা দেখতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। এসময় তার সাথে ছিলেন কেদারপুরের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ ছানাউল্লাহ্, মিহির চক্রবর্তী, মুনসুর ছৈয়াল। উল্লেখ্য, এর পূর্বে এলাকায় নদী ভাঙ্গন থেকে তাদের রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙ্গনের শিকার অসহায় পরিবারের লোকজন। কেদারপুর ওয়াপদা লঞ্চঘাট এলাকা ও সাধুর বাজার এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে কয়েক হাজার মানুষ।