আড়াইহাজারে রংয়ের পিকআপ ছিনতাই, ৩ জন গ্রেফতার

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:১০
আড়াইহাজারে রং বোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাই হয়েছে। শনিবার রাত ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ রবিবার রাত ৯টায় ৫৫ ড্রাম রং উদ্ধার ও ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তবে পিকআপ ভ্যানটি উদ্ধার করতে পারেনি। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, শনিবার রাত ১২টার দিকে ঢাকা থেকে রিয়ান কর্পোরেশনের একটি রং বোঝাই পিকআপ ভ্যান নরসিংদীর মাধবদী যাওয়ার পথে উপজেলার ছনপাড়া এলাকায় ছিনতাই হয়। এই ঘটনায় রং-এর মালিক আকমল হোসেন বাদী হয়ে রবিবার থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ জড়িত সন্দেহে চালক আরিফকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক ছনপড়া আল মদিনা মার্কেটের শুক্কুর আলীর দোকান থেকে ৫৫ ড্রাম ও ৪ কাটুন রং (৭ লাখ টাকা মূল্য) উদ্ধার করে। শুক্কুর আলী পুলিশ আসার খবর পেয়ে দোকান তালা দিয়ে পালিয়ে গেলে স্থানীয় ২ ইউপি সদস্য মিলাদুর রহমান ও পনির প্রধানের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে পুলিশ মালগুলো উদ্ধার করে। এসময় ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল ও আইয়ুবুর নামক আর ২ ছিনতাইকারীকে আটক করে। আটককৃত ছিনতাইকারী আরিফ ও জুয়েলের বাড়ি আড়াইহাজার ও আইয়ুবুরের বাড়ি মাধবদী এলাকায় বলে পুলিশ জানায়।