গ্যাস সংযোগ না পেয়ে পাবনা শহরবাসী ক্ষুব্ধ

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:১০
গত ৭ মে প্রধানমন্ত্রী নতুন গ্যাস সংযোগ প্রদানের নির্দেশ দেবার পরও পাবনা শহরবাসীর একটি পরিবারেও গ্যাস সংযোগ লাগেনি। নতুন সংযোগ বন্ধ ঘোষণার আগেই পাবনায় সাড়ে তিনশ’ গ্রাহক সংযোগ ফিসহ সকল টাকা পরিশোধ করে সংযোগের অপেক্ষা করছিলেন। জেলায় আরও ১ হাজারের বেশি গ্রাহক সংযোগের জন্য ফরম জমা দিয়েছেন। কোন গ্যাস সংযোগ না পাওয়ায় শহরবাসী ক্ষোভ প্রকাশ করেছে। জানা যায়, গ্যাস সংযোগের কাজ মূলত রাইজার সংকটে আটকে আছে। নতুন সংযোগের জন্য রাইজার পেতে আরও মাস দেড়েক সময় লাগবে। আগে একবার রাইজারের জন্য দরপত্র আহবান করে বাতিল করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জন্য নতুন করে আবার ১০ হজার রাইজারের দরপত্র আহবান করা হয়েছে। সামনের ২৪ জুলাই দরপত্রের শেষ দিন। এরপর কমপক্ষে আরও একমাস লাগবে রাইজার পেতে। ফলে ঈদের আগে পাবনায় নতুন গ্যাস দেয়া সম্ভব না। অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিবলী জানান, গ্যাসের সংযোগ না পাওয়ায় ১৬শ’ টাকা করে এলপি গ্যাসের সিলিন্ডার কিনে তাকে ব্যবহার করতে হচ্ছে। স্কুল শিক্ষক বলেন, রোজায় স্কুল ছুটি থাকায় দ্রুত গ্যাস সংযোগ পাওয়ার লক্ষে গ্যাস অফিসে দৌড়াদৌড়ি করার সুযোগ পেয়েছেন। গ্যাস সংযোগের কোন লক্ষণ দেখছি না। এটা ভোগান্তি ছাড়া কিছু নয়। পশ্চিমাঞ্চল গ্যাস পাবনা কার্যালয়ের ব্যবস্থাপক ফজলে আলম বলেন, বাসা-বাড়িতে গ্যাস সংযোগ নিতে এক হাজারের মত আবেদন জমা পড়েছে। আবেদনপত্রের সম্ভাব্যতা পরীক্ষা ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ডিমান্ডনোট (চহিদাপত্র) ইস্যু হবে। রাইজার পাওয়া গেলেই যত দ্রুত সম্ভব গ্যাস সংযোগ দেয়া হবে।