চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে দুই ভাই খুন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৩৩
চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে জায়গা-জমির বিরোধকে কেন্দ করে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট দুই ভাইকে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা ১১টায়। এই ঘটনায় নিহতরা হলো-আবু সুফিয়ান (৪৫) ও আবু মোরশেদ (৩২)। তারা ঐ গ্রামের কাজী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। হত্যাকারী বড় ভাই ঘটনার পরপরই পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে বড় ভাই আবুল কালামের সঙ্গে বাড়ির পাশের হাঁটাচলার একটি রাস্তা নিয়ে ছোট দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আবুল কালাম ঘর থেকে ধারালো অস্ত্র এনে ছোট দুই ভাইয়ের উপর হামলা চালায়। মারাত্মক জখম ছোট দুই ভাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।