জিয়ার মাজারে চার সিটি মেয়রের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৩৪
চার সিটি করপোরেশনের নবনির্বাচিত চার মেয়র গতকাল সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন। মেয়রদের নিয়ে মোনাজাতের পরে মাজার প্রাঙ্গইে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অবিলম্বে মেয়রদের কার্যভার হস্তান্তরের আহ্বান জানিয়ে বলেছেন, পাঁচ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থীর বিজয়ের মাধ্যমে জনগণ এই বার্তা দিয়েছে যে, তারা পরিবর্তন চায়। শুধু পাঁচ সিটিতে নয় সারা দেশেই এখন একই অবস্থা। বর্তমান নির্বাচন কমিশনের ওপর বিএনপির কোনো আস্থা নেই এমন মন্তব্য করে তিনি বলেন, এই কমিশনের অধীন স্থানীয় নির্বাচনসহ কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থীরা আরো বেশি ব্যবধানে জয়ী হতো। রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনার মনিরুজ্জামান মনি, বরিশালের আহসান হাবিব কামাল ও সিলেটের আরিফুল হক চৌধুরী ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।