গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণার দাবি

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৩৫
রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকদের দ্রুত ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক স্বার্থ বিরোধী সংশোধিত শ্রম আইনের ধারাসমূহ বাতিল ও গার্মেন্টস শ্রমিকদের (হেলপার পদের) জন্য ন্যূনতম মূল মজুরি ৮ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। রবিবার বিজিএমইএ ভবনের সামনে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে এই সকল দাবি জানান হয়। সমাবেসে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন, মাহাবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, শবনম হাফিজ, এ.এম ফয়েজ হোসেন, সাইদুল গণি প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, রানা প্লাজায় নিহত ৮৩৬ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করার ৪ মাস অতিবাহিত হলেও মাত্র ৩ শতাধিক শ্রমিককে নানা অংকের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। অপরদিকে সাভার উপজেলা প্রশাসন নিখোঁজ শ্রমিকদের যে তালিকা তৈরি করেছে তা চূড়ান্ত হয়নি। ফলে বাকি নিহত ও আহত শ্রমিকদের পরিবার-পরিজন ক্ষতিপূরণ না পেয়ে দুশ্চিন্তার মধ্যে দিনাতিপাত করছে। সমাবেশে সংশোধিত শ্রম আইন ২০১৩ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিলের জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি সহকারী সেলাই মেশিন অপারেটর (হেলপার) পদের জন্য ৮ হাজার টাকা ও অন্যান্য গ্রেডে আনুপাতিক হারে মজুরি ঘোষণার দাবি জানিয়েছে তারা।