এরশাদকে ফিরোজ রশিদ

আপনি ইমাম, ভুল করলে কাফফারা আপনাকে দিতে হবে

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৩৬
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সমাজের সবখানে বাড়াবাড়ি চলছে। সরকারও বাড়াবাড়ি করছে। গণপদোন্নতির কারণে প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। সরকারের ঈমানী শক্তি থাকলে এগুলো করার প্রয়োজন হতো না। ‘অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়ো না ছাগলে মুড়ে খাবে’ এই প্রবচন উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় মাঝামাঝি অবস্থানে রয়েছে। আগামী দিনে জাতীয় পার্টি যেদিকে অবস্থান নেবে, তারাই সরকার গঠন করবে। গতকাল সোমবার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের মানুষ উত্কণ্ঠায় রয়েছে। রমজানেও শান্তি নেই। হরতালে মানুষ মারা যাচ্ছে। রমজানে চারদিনের হরতালে নয়টি লাশ পড়ল। এই সহিংসতা রমজানের শিক্ষা নয়। দল ভাঙা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করে এরশাদ বলেন, দল ছেড়ে গেলে তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। আশা থাকা ভালো। লোভ থাকা ভালো নয়। সব ভুলে যাও। জাতীয় পার্টিই আমাদের ঠিকানা। এই ঠিকানা নিয়ে ক্ষমতায় যেতে চাই। ক্ষমতায় যেতে হলে সবাই মিলে যাব। আমার উপর আস্থা রাখো। আমি ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি বলেও মন্তব্য করেন এরশাদ। মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ সভাপতির বক্তব্যে এরশাদকে উদ্দেশ্য করে বলেন, আপনি ইমাম, আমরা আপনার সঙ্গে আছি। কোন ভুল করলে কাফফারা আপনাকে দিতে হবে। ইফতার পার্টিতে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায় প্রমুখ।