গলাচিপায় বাঁধ ভেঙে ৫ গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দী

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৫৫
পূর্ণিমার প্রভাবে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার উপকূলে প্রায় অর্ধশত ছোট-বড় চর ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। গলাচিপা-হরিদেবপুর ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে পটুয়াখালী-গলাচিপা সড়কে ৫ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দু’পাড়ে শতাধিক যানবাহন আটকা পড়ে। গলাচিপার মাঝেরচর, চরবাংলা, পক্ষিয়ারচর, চরমায়া, চরমহিউদ্দিন, রামনাবাদ নদীতীরবর্তী নতুনচর ও শহর সংলগ্ন লঞ্চঘাট, ফেরিঘাট, খেয়াঘাটের এপ্রোচ সড়ক ও রাঙ্গাবালীর মাঝেরচর, চরমোন্তাজ, চরকাশেম, চরলতা, চরআন্ডা, চরহেয়ার, চরযমুনা, চরবেষ্টিন, চরনজির পানির নিচে তলিয়ে গেছে। গলাচিপা শহররক্ষা বেড়িবাঁধে বন্যাতলী পয়েন্টের ভাঙ্গা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নিজ হাওলা, গ্রামদ্দন, ভাইয়ার হাওলা, মানিক চাঁদ, তালুকদার হাওলায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া গলাচিপার চর কাজলের পানি উন্নয়ন বোর্ডের ৫৫/৩ পোল্ডারের ছোট কাজল, চর কাজল লঞ্চঘাট এলাকার ৩ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে আমন চারা ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে।