তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী আজ

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৫৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী আজ। ১৯২৫ সালের এই দিনে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাজউদ্দীন আহমদ বাংলাদেশের রাজনীতিতে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততা ও আদর্শবাদের অনন্য প্রতীক। ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৪৭ সালে ভারত ভাগের পর থেকে ভাষার অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সামপ্রদায়িকতাবিরোধীসহ সব আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের গঠন প্রক্রিয়ার মূল উদ্যোক্তাদের তিনি একজন। ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ ৬ দফা ঘোষণা করেন। ৬ দফার অন্যতম রূপকার হলেন তাজউদ্দীন আহমদ। ১৯৭০ সালের নির্বাচনের পর পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় ১৯৭১ সালের মার্চ মাসে শুরু হয় অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন পরিচালনায় তাজউদ্দীন আহমদ যথেষ্ট সাংগঠনিক দক্ষতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন। এরপর ২৫ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর একতরফাভাবে গণহত্যা শুরু করে। এরপর শুরু হয় বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ, মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তখন নেতৃত্বের মূল দায়িত্ব তাজউদ্দীন আহমদের ওপর অর্পিত হয়। তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি ১৯৭১ সালে এক চরম সংকটময় মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে সফলভাবে ভূমিকা পালন করেছেন। তাজউদ্দীন আহমদ এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালনে মাত্র ৯ মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব নেন। পরবর্তী সময়ে ‘আদর্শ’ ও ‘নীতিগত’ প্রশ্নে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখলকারী ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাজউদ্দীন আহমদকে গৃহবন্দি করে। পরে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। বন্দী অবস্থায় তাকেসহ অন্য ৩ জাতীয় নেতাকে জেলখানার ভেতরে একই বছরের ৩ নভেম্বর ঘাতকচক্র নিষ্ঠুরভাবে হত্যা করে। তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিস্থ গ্যালারি ২১-এ আজ সকাল ১১টায় মুজিবনগর সরকার তথা মুক্তিযুদ্ধের দুর্লভ ও দুষ্প্রাপ্য চিত্রমালার (যা ইতিপূর্বে প্রদর্শিত হয়নি) এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, প্রফেসর ইমেরিটার্স ড. আনিসুজ্জামান এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীটি আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া আজ বিকাল সাড়ে ৩টায় মুক্তিভবনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ এক আলোচনা সভার আয়োজন করেছে।