মুরসিকে সেনাবাহিনীর অপহরণের অভিযোগ পরিবারের

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৫৮
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পরিবার অভিযোগ করেছে, সেনাবাহিনী তাকে অপহরণ করেছে। মুরসির মেয়ে শাইমা রাজধানী কায়রোয় এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে বলেন, মুরসিকে অপহরণ করায় তার পরিবার সেনাবাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। মুরসি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। ব্যাপক বিক্ষোভের মুখে তার দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় গত ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে কোন অভিযোগ গঠন ছাড়াই তাকে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে। তার নিরাপত্তার ব্যাপারে সব দায় সেনাবাহিনীর ওপর চাপিয়েছে তার পরিবার। খবর বিবিসির। মুরসির এক ছেলে ওসামা বলেন, যা চলছে তা মানবাধিকারের লঙ্ঘন এবং যে কোনো অর্থেই এ এক কেলেঙ্কারি। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ পর্যন্ত হয়নি বলে জানান ওসামা। তবে সরকার শুধু বলছে, মুরসিকে নিরাপদে রাখা হয়েছে। মুরসির কন্যা শাইমা মুরসি সাংবাদিকদের বলেন, আমরা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের নেতা আব্দুল ফাত্তাহ আল-সিসি ও তার দলবলের বিরুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নিচ্ছি। মুরসি উত্খাত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে এটিই প্রথম বক্তব্য। মুরসির দল মুসলিম ব্রাদারহুড দেশটির নতুন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি। তারা কায়রোয় প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে।