মেক্সিকোতে সামাজিক ব্যবসা তহবিল চালু করলেন ড. ইউনূস

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৫৯
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মেক্সিকোর ভেরাক্রজ প্রদেশে ৪৫ লাখ ডলারের সামাজিক ব্যবসা তহবিলের উদ্বোধন করেছেন। ভেরাক্রজ প্রদেশের গভর্নর জেভিয়ার দোয়ার্তে দে ওচুয়া তার প্রদেশের সামাজিক ব্যবসা পরিচালনার জন্য ইউনূস সোশ্যাল বিজনেস ফান্ডে অনুদান দেয়ার ঘোষণা দেন। এই অর্থ দিয়ে শিগগির প্রদেশটিতে সামাজিক ব্যবসা কার্যক্রম শুরু করা হবে বলে গতকাল সোমবার ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূস ১৭ থেকে ২০ জুলাই মেক্সিকো সফর করেন। গভর্নর জেভিয়ার দোয়ার্তে দে ওচুয়ার আমন্ত্রণে তিনি ভেরাক্রুজ প্রদেশও সফর করেন। গভর্নর তার জন্য প্রদেশটির রাজধানী জালাপায় বড় আকারের এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনায় মেক্সিকোর নেতৃস্থানীয় বিভিন্ন শহরের মেয়র, প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ভেরাক্রজ প্রদেশের গভর্নর ইউনূস সোশ্যাল বিজনেস ফান্ডে ৪৫ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দেন। এর আগের দিন ড. ইউনূস মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ও তার দীর্ঘদিনের বন্ধু ভিনসেন্ট ফক্স আয়োজিত এক সম্মেলনে বক্তৃতা দেন। সম্মেলনে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। একইদিন তিনি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে মেক্সির জাতীয় টেলিভিশনে এক অনুষ্ঠানেও অংশ নেন। ২০ জুলাই ড. ইউনূস মেক্সিকোর ওক্সাকা প্রদেশে চলমান গ্রামীণ মাইক্রোক্রেডিট প্রোগ্রাম পরিদর্শন করেন। ২০০৯ সালে গ্রামীণ ট্রাস্ট ও বিশ্বের শীর্ষ ধনী কার্লোস স্লিমের সহযোগিতায় ওই মাইক্রোক্রেডিট প্রোগ্রাম শুরু হয়।