পদ্মায় নৌকা ডুবে ৫ স্কুল ছাত্রী নিখোঁজ

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৫৯
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি এলাকায় গতকাল সোমবার দুপুরে পদ্মায় নৌকা ডুবে ৫ স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। তারা সবাই ভাদুরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী নৌকা ডুবে ৫ স্কুল ছাত্রী নিখোঁজের খবর নিশ্চিত করেছেন। নিখোঁজ ৫ ছাত্রী হলো—৫ম শ্রেণীর ছাত্রী ময়না খাতুন, চম্পা খাতুন, ৪র্থ শ্রেণীর ছাত্রী টুলু খাতুন ও শারমীন আক্তার এবং ২য় শ্রেণীর ছাত্রী রহিমা খাতুন। তারা সবাই ভাদুরডাঙ্গি চরে থাকতো। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাদুরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়ার কথা ছিল। এ কারণে ভাদুরডাঙ্গি চর থেকে পদ্মায় নৌকা করে ৩০ জন ছাত্র-ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথে প্রচণ্ড বাতাসে চালক নিয়ন্ত্রণ হারালে নৌকা উল্টে শিক্ষার্থীরা পানিতে পড়ে যায়। এ সময় ২৫ জন সাঁতার কেটে ও স্থানীয়দের সহায়তায় তীরে আসতে সক্ষম হয়। কিন্তু বাকি ৫ ছাত্রী সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। এ প্রতিবেদন গতকাল বিকালে লেখা পর্যন্ত ৫ ছাত্রী নিখোঁজ ছিল। স্থানীয়রা নদীতে তাদের খোঁজ করতে অভিযান চালাচ্ছে।