বরিশাল-১ আসনের সাবেক এমপি ও ‘সংস্কারপন্থী’ বিএনপি নেতা এম জহিরউদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২০০১ সালের নির্বাচনকালে হামলা, ভাংচুর, বোমার বিস্ফোরণ করে ত্রাস সৃষ্টি ও লুটপাটের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। জেলার গৌরনদী উপজেলা কৃষক লীগের সভাপতি কুড়িরচর গ্রামের দেলোয়ার হোসেন বাদী হয়ে গত রবিবার রাতে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালে জহিরউদ্দিন স্বপনের নির্দেশে চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলনের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদী দেলোয়ার হোসেনের কুড়িরচর গ্রামের বাড়িতে হামলা চালায়। সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে হামলা, মামলা ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
