চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের তালা ঝুলানোর প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চবি সাংবাদিক সমিতি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) থেকে মৌন মিছিল বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, ব্যবসা প্রশাসন অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ ভবন হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখানে বেলা ১২টার দিকে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে জড়িতদের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেয় চবি সাংবাদিক সমিতি।
এদিকে এ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাবি সাংবাদিক সমিতি মানববন্ধন পালন করেছে। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। নিন্দা ও বিবৃতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এছাড়া চবির সকল প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
