মুক্তিযোদ্ধা হত্যার দায়ে চট্টগ্রামের আদালত তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। সেই সাথে দণ্ডিত ব্যক্তিদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত আসামিরা হচ্ছে- মুজিবর রহমান, সাখাওয়াত ও ফরিদুল আলম। এদের মধ্যে মুজিবুর রহমান ও সাখাওয়াত পলাতক রয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস উপরোক্ত রায় দেন।
মামলার বিবরণীতে জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উষখাইন গ্রামে ১৯৯৯ সালে ২ নভেম্বর ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা ও পল্লী চিকিত্সক আবু তাহেরকে গুলি করে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে তার ভাই মো. ইদ্রিস বাদী হয়ে ১১ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করে। ২০০০ সালের ২৭ মার্চ পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া অভিযুক্ত অন্যান্য আসামিরা বেকসুর খালাস পেয়েছে।
