খুলনা ভার্সিটির ভিসি অবরুদ্ধ, সিন্ডিকেট বৈঠক পণ্ড

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২৩:০৩
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিনের অব্যাহতির দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে গতকাল সোমবার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফায়েক উজ্জামান ২ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এ কারণে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিরসনে পূর্ব নির্ধারিত সিন্ডিকেট সভা পণ্ড হয়ে যায়। এ অবস্থার কারণে আগামীকাল বুধবার থেকে জীব বিজ্ঞান স্কুলের ছাত্রছাত্রীদের টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. সমীর কুমার সাধুকে ওই পদ থেকে অব্যাহতি না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন প্রকার বৈঠক করতে পারবে না। সে ঘোষণা অনেক আগেই দেয়া রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের দাবির প্রতি মূল্যায়ন না করে গতকাল সোমবার সিন্ডিকেট সভা আহবান করে। এর ফলে শিক্ষকরা ক্ষুব্ধ হন। তারা দুপুরে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে নিজ কক্ষেই অবরুদ্ধ করে রাখেন। তিনি দীর্ঘ ২ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। ভিসি সিন্ডিকেটের সভাপতি। তাই, সভাপতি নির্ধারিত সময় সভা কক্ষে যেতে না পারার কারণে সিন্ডিকেটের অন্যান্য সদস্যরাও ক্যাম্পাস ত্যাগ করেন। এর মাধ্যমে সিন্ডিকেট সভাটি পণ্ড হয়ে যায়। এ অবস্থায় ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এরপর থেকে ভিসি আবারও কৌশলে সন্ধ্যায় সিন্ডিকেট সভা করার চেষ্টা চালান। এ খবর পাওয়ার পর আন্দোলনরত শিক্ষকরা ভিসিকে নজরদারির মধ্যে রাখেন, যাতে কোনভাবেই ভিসি সিন্ডিকেট সভা করতে না পারেন।