ট্রাইব্যুনালের যেকোন রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনীত সংশোধনী বৈধ বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এএফ হাসান আরিফ। তবে এ সংশোধনী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না জানিয়ে তিনি বলেন, আইনে আনীত সংশোধনীর পূর্বেই তার মামলার কার্যক্রম শেষ হয়ে গেছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করে। শুনানিতে হাসান আরিফ বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে বলেও মত দেন।
তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় অ্যামিকাস কিউরিদের মতামত প্রদান। এরপর আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুনানিতে বলেন, কাদের মোল্লার ক্ষেত্রে আইনের সংশোধনী প্রযোজ্য হবে না। কারণ তার মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন নয়। সংশোধনীতে স্পষ্ট বলা হয়েছে তা বিচারাধীন মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আপিলের ওপর বক্তব্য উপস্থাপন করবে। রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হলেই এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করবে আপিল বিভাগ।
পরে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেন, অ্যামিকাস কিউরিদের পর ব্যারিস্টার রাজ্জাক বক্তব্য রেখেছেন। আমি আদালতের কাছে আধা ঘণ্টা সময় চেয়েছি। আদালত আজ বুধবার বক্তব্য দিতে বলেছে। আশা করি প্রথম সেশনেই আমার বক্তব্য শেষ হয়ে যাবে। এরপর আদালত মামলাটির রায়ের দিন ঘোষণা করবেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাংবিধানিক সুরক্ষা দেয়া রয়েছে। এজন্য সর্বশেষ সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ব্যারিস্টার রাজ্জাক সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য দুর্বল। এই সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কাদের মোল্লাকে সাজা দেয়া অসম্ভব। আমি মনে করি তার খালাস পাওয়া উচিত। তবে আপিল বিভাগ চাইলে তার সাজা বাড়াতে বা কমাতে পারেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ রায়ের পর ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনে সরকার। সংশোধনীতে বলা হয়, ট্রাইব্যুনালের যেকোন রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে রাষ্ট্রপক্ষ। পরবর্তীকালে উভয়পক্ষের দায়েরকৃত আপিলের শুনানিতে দুটি আইনগত বিষয়ের ওপর মতামত জানতে চেয়ে শীর্ষ সাত আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেয় আপিল বিভাগ।
